মীনা আইভিএফ ও প্রাইম ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৮:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
গ্রাহক ও কর্মীদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ সুবিধা প্রদানের লক্ষ্যে মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লি. এবং প্রাইম ব্যাংক পিএলসি.-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে প্রাইম ব্যাংকের স্টেকহোল্ডারদের জন্য ভ্যালু-অ্যাডেড সেবা সম্প্রসারণে নতুন একটি দিগন্ত উন্মোচিত হলো।
চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের নীরা গ্রাহক ও ব্যাংকের কর্মীরা মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেডের বিভিন্ন প্রজনন ও ফার্টিলিটি চিকিৎসা সেবায় আকর্ষণীয় ছাড় সুবিধা পাবেন। দেশের অন্যতম শীর্ষ ফার্টিলিটি ও প্রজনন স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে মীনা আইভিএফ দীর্ঘদিন ধরে বিশেষায়িত চিকিৎসাসেবা দিয়ে আসছে।
চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসি.-এর এসইভিপি ও হেড অব লাইয়াবিলিটি শায়লা আবেদীন এবং মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেডের চিফ কনসালট্যান্ট ডা. লুবনা ইয়াছমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কার্ডস অ্যান্ড মার্চেন্ট অ্যাকুইজিশন হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং মীনা আইভিএফ অ্যান্ড ফার্টিলিটি কেয়ার লিমিটেডের সিনিয়র ম্যানেজার (অপারেশনস) মেহমুদ হাসান জয়,সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক তাদের গ্রাহকদের জন্য লাইফস্টাইলভিত্তিক মানসম্মত সেবা ও আর্থিক সুবিধা প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

























