৭ মন্ত্রী ও উপদেষ্টার পিএস-এপিএস নিয়োগ
- সংবাদ প্রকাশের সময় : ১০:০৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
নতুন সরকারের সাতজন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার একান্ত সচিব (পিএস) ও সহকারী একান্ত সচিব (এপিএস) নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন ও বিচার বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন–এর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব এ কে এম তাজকির-উজ-জামান। একই সঙ্গে সহকারী একান্ত সচিব হয়েছেন মো. মাকসুদুর রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ–এর একান্ত সচিব হয়েছেন আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব (যুগ্ম জেলা ও দায়রা জজ) কামরুল হাসান।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ–এর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন একই মন্ত্রণালয়ের উপ-সচিব মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম (রিতা)–এর একান্ত সচিব হয়েছেন স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত উপ-সচিব মো. শফিকুর আলম।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস উদ্দিন আহমেদ–এর একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর পরিচালক (উপ-সচিব) মো. তানজিল্লুর রহমান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) হুমায়ুন কবির–এর একান্ত সচিব হয়েছেন ওএসডি থাকা উপ-সচিব মো. হারুন-অর-রশিদ। একই সঙ্গে তার সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. জোবায়ের হোসেন।
প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) মাহদী আমিন–এর একান্ত সচিব হয়েছেন মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সহকারী একান্ত সচিবরা সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টাদের অভিপ্রায় অনুযায়ী নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তারা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫’ অনুযায়ী নবম গ্রেডে ২২,০০০–৫৩,০৬০ টাকা বেতন স্কেলে দায়িত্ব পালন করবেন।
মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা যতদিন দায়িত্বে থাকবেন অথবা সংশ্লিষ্টদের পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।
উল্লেখ্য, নতুন সরকারে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করছেন।





















