ড. শেখ ফরিদুল ইসলাম।
সুন্দরবনে দস্যু দমনে শিগগিরই যৌথ অভিযান
- সংবাদ প্রকাশের সময় : ১০:২২:০১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে অচিরেই সমন্বিত বিশেষ যৌথ অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, ধর্ম এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম।
তিনি বলেন, বর্তমানে সুন্দরবনে সক্রিয় পাঁচটি বনদস্যু বাহিনীর সদস্যদের তালিকা হালনাগাদ করা হয়েছে এবং তাদের ওপর নজরদারি জোরদার করা হয়েছে। খুব শিগগিরই যৌথবাহিনীর গ্রেপ্তার অভিযান শুরু হবে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বাগেরহাটে হযরত খানজাহান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, সুন্দরবনসংলগ্ন এলাকার অনেক মানুষ জীবিকার তাগিদে বনে প্রবেশ করেন। কিন্তু সেখানে গিয়ে তারা বনদস্যুদের হামলা ও চাঁদাবাজির শিকার হন। সাধারণ মানুষ যাতে নিরাপদে জীবিকা নির্বাহ করতে পারেন এবং সুন্দরবনের স্বাভাবিক পরিবেশ ফিরে আসে, সে লক্ষ্যেই দস্যু দমনে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা, বনজ সম্পদ লুটপাট, জেলে ও বনজীবীদের কাছ থেকে চাঁদা আদায়সহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলমসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।





















