আইনি জটিলতায় তিন আসনের ফল আটকা

- সংবাদ প্রকাশের সময় : ১০:০৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিনটি আসনের ফলাফল আপাতত ঘোষণা করছে না নির্বাচন কমিশন (ইসি)। আদালতে দায়ের করা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব আসনের ফল প্রকাশ স্থগিত থাকবে বলে জানিয়েছে সাংবিধানিক সংস্থাটি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইসির জারি করা পৃথক তিনটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে। স্থগিত থাকা আসনগুলো হলো—শেরপুর-২, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪।
ইসি জানিয়েছে, সংশ্লিষ্ট আসনগুলোর প্রার্থীরা আদালতের নির্দেশনা অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণ করলেও আপিল বিভাগে দায়ের করা সিপিএলএ মামলাগুলোর চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের নির্বাচনের ফলাফল প্রকাশে আইনগত বাধ্যবাধকতা রয়েছে।
চিঠিগুলোতে উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম-৪ আসনে প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী, চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীর এবং শেরপুর-২ আসনে মোহাম্মদ ফাহিম চৌধুরীর ক্ষেত্রে আপিল বিভাগের চূড়ান্ত রায়ের ওপর নির্বাচনের ফলাফল নির্ভর করবে।
মামলাগুলোর নিষ্পত্তি হলে সংশ্লিষ্ট আসনগুলোর ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনাও দেওয়া হয়েছে।





















