অনিন্দ্য ইসলাম অমিত
চাকরি পেতে বিএনপি করার প্রয়োজন নেই
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ভবিষ্যতে সরকারি চাকরি পাওয়ার জন্য কাউকে ছাত্রদল বা বিএনপি পরিবারের সদস্য হতে হবে না। চাকরি হবে কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে যশোর পৌর পার্কে তরুণ ভোটারদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এই বৈঠকে অংশ নেন।
তরুণ ভোটারদের উদ্দেশ্যে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আমার নেতা তারেক রহমান বলেছেন এবং আমি যশোরে আমার সকল পাবলিক মিটিংয়ে অঙ্গীকার করেছি—আই মিন ইট! তোমরা আমার ছোট ভাই-বোনের মতো, সন্তানদের মতো। আমি তোমাদের কাছে ওয়াদা করছি, মেধা ও যোগ্যতাই হবে চাকরি পাওয়ার মূল শর্ত।
তরুণদের অভিযোগ জানানোর জন্য একটি অ্যাপ চালু করার ঘোষণাও দেন। তিনি বলেন, নির্বাচনের পর আল্লাহর রহমতে আমি যদি তোমাদের দোয়া ও সমর্থনে জিতে আসতে পারি, তবে একটি অ্যাপ চালু করব। যেখানে তোমরা অভিযোগ করতে পারবে। কেউ চাকরি নিয়ে কথা বললে আমি সেটা দেখবো।
প্রায় দুই ঘন্টা ধরে তরুণ ভোটারদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। এসময় অমিত মাদক ও সন্ত্রাস মুক্ত নিরাপদ যশোর গড়ারও অঙ্গীকার করেন তিনি।





















