কোনো ধরনের বুলেট ব্যবহার হয়নি: ডিসি মাসুদ

- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ২১ বার পড়া হয়েছে
শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল চলাকালে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন—এমন অভিযোগকে সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির রমনা জোনের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, ঘটনাস্থলে কোনো ধরনের বুলেট বা রাবার বুলেট ব্যবহার করা হয়নি। আহত হওয়ার অভিযোগটি সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের কারণে হয়ে থাকতে পারে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিসি মাসুদ আলম বলেন, ‘এখানে কোনো প্রকার গুলি করা হয়নি। বুলেট বা রাবার বুলেট নিক্ষেপের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়েছে।’
আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘সাউন্ড গ্রেনেড কাছাকাছি বিস্ফোরিত হলে আহত হওয়ার ঘটনা ঘটে। সম্ভবত সেই কারণেই তিনি আহত হয়েছেন।’
রমনা জোনের এই কর্মকর্তা আরও জানান, ৫ আগস্টের পর থেকে ওই এলাকায় কোনো ধরনের গুলি চালানো হয়নি। তিনি বলেন, ‘আমি শুরুতে ঘটনাস্থলে উপস্থিত ছিলাম না। পরে গিয়ে দেখি আন্দোলনকারীরা প্রায় ছত্রভঙ্গ হয়ে গেছে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’
এর আগে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে দাবি করা হয়, জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনা অভিমুখে বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এতে সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবেরসহ অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন এবং জাবের গুলিবিদ্ধ হন বলে দাবি করা হয়।
তবে পুলিশের পক্ষ থেকে এ অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলে উল্লেখ করা হয়েছে।



















