নতুন প্রধানমন্ত্রীর শপথ ১৭–১৮ ফেব্রুয়ারি, পরে হবে না

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকারের কাছে যত দ্রুত সম্ভব দায়িত্ব হস্তান্তর করা হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, নতুন প্রধানমন্ত্রী ১৭ বা ১৮ ফেব্রুয়ারির মধ্যে শপথ গ্রহণ করবেন এবং এর পরে শপথ গ্রহণ হবে না।
বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, “সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ১৫ বা ১৬ ফেব্রুয়ারিতেও শপথ নিতে পারেন। শপথ গ্রহণের পর সবচেয়ে দ্রুত সময়ে দায়িত্ব হস্তান্তর করা হবে।”
অন্তর্বর্তী সরকারের উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচনের পর সরকারের দায়িত্ব নির্বাচিত এমপিদের হাতে তুলে দেওয়া হবে। যারা অন্তর্বর্তী সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকবে—এ ধরনের অপপ্রচারের চেষ্টা করছে, তা ভিত্তিহীন এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা মাত্র।
বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, রমজান মাসে সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, সুপ্রিম কোর্ট ও অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে।
এছাড়া, এলপিজি খাতে কর কাঠামো পুনর্গঠন করা হয়েছে। সরকার উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে ভ্যাট ও অগ্রিম কর তুলে আমদানি পর্যায়ে ৭.৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কর আদায় সহজ হবে এবং বিদ্যমান জটিলতা কমবে।




















