পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ এড়িয়ে বিশ্বকাপ খেলবে শ্রীলঙ্কায়
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৮:০১ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
টি-২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের সঙ্গে মাঠে নামবে না পাকিস্তান। রবিবার পাক সরকারের সিদ্ধান্ত প্রকাশিত হওয়ার পরই ক্রিকেট বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়েছে। আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে টানাপোড়েনের মধ্যেই বিশ্বকাপের সব ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছে গেছে পাকিস্তান দল।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে লাহোর থেকে কলম্বোর উদ্দেশে পাকিস্তান দল বিমানযোগে যাত্রা করে। পাকিস্তান গ্রুপ ‘এ’-তে রয়েছে ভারত, আমেরিকা, নেদারল্যান্ডস ও নামিবিয়ার সঙ্গে। প্রথম ম্যাচেই তাদের মোকাবিলা হবে নেদারল্যান্ডসের সঙ্গে। পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা জানিয়েছেন, দলের ফোকাস এই পরিস্থিতিতেও অটুট রাখা গুরুত্বপূর্ণ।
সরকারের নির্দেশ অনুযায়ী, ১৫ ফেব্রুয়ারি ভারতের সঙ্গে পাকিস্তান মাঠে নামবে না এবং ওই ম্যাচ ফোরফিট হিসেবে গণ্য হবে। নকআউট পর্বে ভারতের সঙ্গে মুখোমুখি হলে তখনও সরকারের সিদ্ধান্ত অনুযায়ী খেলবে দল।
ভারতকে এড়িয়ে গেলেও পাকিস্তানের পথ মোটেও সহজ নয়। ১০ ফেব্রুয়ারি তারা খেলবে আমেরিকার সঙ্গে, যেটি নেটিজেনদের মতে ‘মিনি ইন্ডিয়া’। আমেরিকার প্রথম একাদশের ছয়জন খেলোয়াড় ভারতীয় বংশোদ্ভূত, যার মধ্যে অধিনায়ক ও সহ-অধিনায়কও রয়েছেন। আগের বিশ্বকাপে পাকিস্তান এই আমেরিকার কাছে হারতে হয়েছিল।

















