তেলভাণ্ডারের দখল ও দেশ সংস্কারের বার্তা ট্রাম্পের
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৩:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
ভেনেজুয়েলায় ভোররাতের অভিযানে শুধু সামরিক আঘাতই নয়, দেশটির রাজনৈতিক নিয়ন্ত্রণ নিয়েও জোরালো বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের পর ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আপাতত ভেনেজুয়েলার শাসনভার পরিচালনা করবে যুক্তরাষ্ট্র।
অভিযানের পর ভারতীয় সময় অনুযায়ী শনিবার রাতে সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, “যতক্ষণ না নিরাপদ, সঠিক ও ন্যায়সঙ্গতভাবে কাউকে ক্ষমতায় বসানো সম্ভব হচ্ছে, ততক্ষণ আমরাই ভেনেজুয়েলা পরিচালনা করব। এখনই অন্য কাউকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা নেই।”
ট্রাম্পের দাবি, দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় অস্থিতিশীলতা বিরাজ করছে এবং সেই পরিস্থিতির পরিবর্তন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র সরাসরি নিয়ন্ত্রণে থাকবে।
তেলভাণ্ডার সংস্কারে মার্কিন বিনিয়োগের ঘোষণা
ভেনেজুয়েলার বিশাল তেলভাণ্ডার সংস্কারের ঘোষণাও দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন,
“আমাদের দেশের বৃহত্তম তেল সংস্থাগুলো ভেনেজুয়েলায় আসবে। তারা কোটি কোটি ডলার বিনিয়োগ করে ভেঙে পড়া জ্বালানি ব্যবস্থার সংস্কার করবে এবং দেশটির জন্য রাজস্ব আয় শুরু করবে।”
ট্রাম্পের মতে, ভেনেজুয়েলার অবকাঠামো শক্তিশালী করা জরুরি। তবে কতদিন যুক্তরাষ্ট্র দেশটির নিয়ন্ত্রণে থাকবে—সে বিষয়ে তিনি নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি।
দ্বিতীয় হামলার হুঁশিয়ারি
সাংবাদিক সম্মেলনে কড়া হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, প্রয়োজনে ভেনেজুয়েলার ওপর দ্বিতীয় বড় সামরিক হামলা চালাতে যুক্তরাষ্ট্র দ্বিধা করবে না।
৩০ মিনিটেই মাদুরো আটক
অভিযানের সাফল্যের কথা তুলে ধরে ট্রাম্প দাবি করেন, “গতকাল আমেরিকা যা করেছে, তা বিশ্বের কোনো দেশ পারেনি। মাত্র ৩০ মিনিটেরও কম সময়ে রাতের অন্ধকারে মাদুরোকে আটক করা হয়েছে। অল্প সময়েই ভেনেজুয়েলার সামরিক সক্ষমতা ধ্বংস করা হয়।”
তিনি আরও জানান, মাদুরো ও তাঁর স্ত্রী বর্তমানে মার্কিন নৌবাহিনীর একটি জাহাজে রয়েছেন এবং তাঁদের নিউইয়র্কে নেওয়া হচ্ছে।
মাদুরোর বিরুদ্ধে কড়া অভিযোগ
মাদুরোকে সরাসরি আক্রমণ করে ট্রাম্প বলেন,“ও একজন মাদক সন্ত্রাসী। ওকে বহু সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু এরপরও আমেরিকার বিরুদ্ধে কাজ করে গেছে। এখন আমরা ভেনেজুয়েলার ভবিষ্যৎ নির্ধারণ করব।”
এই ঘোষণার মধ্য দিয়ে ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সরাসরি রাজনৈতিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণের ইঙ্গিত স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট।





















