রাষ্ট্রপতির মন্তব্যের কড়া প্রতিক্রিয়া আইন উপদেষ্টার
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ১২২ বার পড়া হয়েছে
শেখ হাসিনার পদত্যাগপত্রের দালিলিক প্রমাণ হাতে নেই, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
সোমবার (২১ অক্টোবর) সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া জানান।
এ সময় আসিফ নজরুল বলেন, তিন বাহিনী প্রধানকে পেছনে রেখে পদত্যাগ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। সেটি তিনি (রাষ্ট্রপতি) গ্রহণও করেন। প্রায় আড়াই মাস পরে পদত্যাগ করেননি বলা মিথ্যাচার এবং শপথ লঙ্ঘনের সামিল। এতে তিনি তার পদে থাকার যোগ্যতা হারিয়েছেন কিনা, সেটা ভেবে দেখতে হবে।
অপর এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, ৫ আগস্ট রাত ১১টা ২০ মিনিটে তিন বাহিনীর প্রধানকে পেছনে রেখে জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি। সেটি টিভিতে লাইভ সম্প্রচার হয়। যেখানে জাতির উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) পদত্যাগপত্র দিয়েছেন এবং তিনি সেটি গ্রহণ করেছেন। এর আড়াইমাস পরে এসে তিনি কন্ট্রাডিকটরি কথা (আগের বক্তব্যের সাথে সাংঘর্ষিক) বলতে পারেন না।
তিনি বলেন, এই মন্তব্যের পর উপদেষ্টা পরিষদে আলোচনা হতেই পারে যে তিনি গুরুত্বপূর্ণ পদে থাকার জন্য মানসিকভাবে সক্ষম কিনা।





















