অনির্দিষ্টকালের জন্য স্থগিত এইচএসসি পরীক্ষা
- সংবাদ প্রকাশের সময় : ০২:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ২৪৯ বার পড়া হয়েছে
চলতি বছরের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিঞ্জপ্তিতে স্বাক্ষর করেন শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা-২ এর উপসচিব সাইয়েদ এ. জেড মোরশেদ আলী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি মাসের ১১ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসির পরীক্ষাসমূহ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে চলমান এইচএসসি পরীক্ষা কয়েক দফায় স্থগিত করা হয়। মোট তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেয়ার কথা জানানো হয়।
প্রথমে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী সব স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি পরীক্ষা শুরু হয়। এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদরাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।


























