বরখাস্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ১১০ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকার ও প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বরখাস্ত হওয়া সহকারী সচিব তাপসী তাবাসসুম উর্মিকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
সোমবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিবকে এই বিষয়ে চিঠি দিয়ে অনুরোধ জানানো হয়।
এর আগে গত ৬ অক্টোবর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। এরপর ৭ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে চিঠিতে বলা হয়, সোশ্যাল মিডিয়া ফেসবুকে তার আইডি ‘Tapashee Tabassum Urmi’ থেকে বর্তমান সরকারের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেয়ায় তাকে চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার কার্যক্রম চলমান রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে তাকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।




















