স্কুলে ভর্তিতে ফিরছে পরীক্ষা, ৩ বিষয়ে ১০০ নম্বরের লড়াই

- সংবাদ প্রকাশের সময় : ০৭:২১:০৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
লটারির মাধ্যমে নয়, এবার পরীক্ষার ফলের ভিত্তিতে স্কুলে ভর্তি হতে হবে শিক্ষার্থীদের। ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি বিদ্যালয়গুলোতে দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে নতুন এই পদ্ধতি চালুর উদ্যোগ নিয়েছে সরকার।
নতুন নিয়মে তিন বিষয়ে মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। ইতোমধ্যে ভর্তি পরীক্ষা ও শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিয়ে একটি খসড়া নীতিমালা তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিগগিরই এটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন মিললে নীতিমালাটি আনুষ্ঠানিকভাবে জারি করা হবে।
খসড়া নীতিমালা অনুযায়ী, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে নেওয়া হবে মেধা যাচাই পরীক্ষা। বাংলা, ইংরেজি ও গণিত—এই তিন বিষয়ে পরীক্ষা হবে মোট ১০০ নম্বরে।
এর মধ্যে বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে থাকবে ৪০ নম্বর। পরীক্ষায় শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হবে। সেই তালিকা অনুসারেই স্কুলগুলোতে ভর্তির সুযোগ দেওয়া হবে।
মাউশির মাধ্যমিক শাখার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ডিসেম্বরেই নতুন পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে পুরো প্রক্রিয়াটি নির্ভর করছে খসড়া নীতিমালার চূড়ান্ত অনুমোদনের ওপর।
মাউশির মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, স্কুলে ভর্তি পরীক্ষা নেওয়ার পদ্ধতি নিয়ে একটি খসড়া নীতিমালা প্রস্তুত করা হয়েছে। তবে এর চূড়ান্ত অনুমোদন দেবে শিক্ষা মন্ত্রণালয়। অনুমোদনের পরই নীতিমালাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।





















