বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৬:৫০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা দেশ ও জাতির জন্য ইতিবাচক ভূমিকা পালন করে। গণমাধ্যম যদি নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে সংবাদ পরিবেশন করে, তাহলে রাষ্ট্র পরিচালনা ও জনসেবামূলক কাজে জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি দায়িত্বশীল ব্যক্তিদের কাজের প্রতি উৎসাহও বাড়ে।
রোববার (৩১ মে) বিকেলে টাঙ্গাইলের মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকারের পক্ষে বা বিপক্ষে লেখার চেয়ে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা বেশি গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ফলে বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্বলতা চিহ্নিত হয় এবং সংশ্লিষ্টরা নিজেদের সংশোধনের সুযোগ পান। এতে প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর হয়।
তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন প্রসঙ্গে ফকির মাহবুব আনাম বলেন, সরকার প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। জনগণের সুবিধার কথা বিবেচনা করে বিমানবন্দর, রেলস্টেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে।
তিনি আরও বলেন, একসময় টেলিটক সিম সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো। তবে বর্তমানে বেসরকারি অপারেটরগুলোর সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে রয়েছে রাষ্ট্রীয় মোবাইল অপারেটরটি। টেলিটককে আরও শক্তিশালী ও প্রতিযোগিতামূলক করতে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন। এ লক্ষ্যে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
মধুপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের ভ্রাম্যমাণ প্রতিনিধি জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, আশাগ্রুপের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন এবং দৈনিক প্রগতির আলো পত্রিকার সম্পাদক আনোয়ার সাদাৎ ইমরান।
অনুষ্ঠানে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম রতন হায়দার, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্নাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবনির্মিত প্রেসক্লাব ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।










