অস্বাস্থ্যকর পরিবেশ ও তাপমাত্রা নিয়ন্ত্রণে অনিয়ম
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা সংক্রান্ত প্রয়োজনীয় মিটার না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার অভিযোগে রাজধানীর আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শনকালে তাপমাত্রা পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রণ মিটার না থাকা এবং স্বাস্থ্যসেবা কার্যক্রমে পরিবেশগত মান রক্ষায় বেশ কিছু অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এসব অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে অর্থদণ্ড প্রদান করে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। স্বাস্থ্যবিধি ও সেবার মান বজায় রাখতে ব্যর্থ প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের পদক্ষেপ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে নিয়মনীতি মেনে পরিচালিত হতে আরও দায়িত্বশীল করবে।










