প্রধানমন্ত্রী তারেক রহমান
জিয়ার আদর্শ অনুসরণ করেই দেশ গঠনের চেষ্টা করছে সরকা
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩৫:০১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ ও কর্মদর্শন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চেয়েছিলেন, বর্তমান সরকারও সেই পথ অনুসরণ করে দেশ গঠনের চেষ্টা করছে।
রোববার (৩১ মে) রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর নানা সংকটে জর্জরিত বাংলাদেশকে স্বল্প সময়ে উন্নয়ন ও সম্ভাবনার পথে এগিয়ে নিয়েছিলেন জিয়াউর রহমান। কঠোর পরিশ্রম, দূরদর্শী নেতৃত্ব এবং সততার মাধ্যমে তিনি দেশের অর্থনীতি, প্রশাসন ও উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন এনেছিলেন।
তিনি বলেন, “জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ এমন একটি অবস্থানে পৌঁছেছিল, যেখানে মানুষ জিয়া এবং বাংলাদেশকে প্রায় সমার্থক হিসেবে দেখত। তার দেশপ্রেম, কর্মনিষ্ঠা ও উন্নয়ন ভাবনা আজও আমাদের জন্য অনুপ্রেরণা।”
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের পরিস্থিতি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং উল্লেখ করে তারেক রহমান বলেন, “আমরা একটি বিধ্বস্ত অবস্থা থেকে দায়িত্ব নিয়েছি। দেশের সামনে এখনও অনেক কঠিন ও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তাই দায়িত্বশীলতা ও পরিকল্পনার সঙ্গে এগিয়ে যেতে হবে। এই সময় অবহেলা বা উদাসীনতার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, দেশের সামাজিক, ধর্মীয় ও পারিবারিক মূল্যবোধের ক্ষেত্রে কিছুটা অবক্ষয় লক্ষ্য করা যাচ্ছে। নতুন প্রজন্মের মধ্যে নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, রাষ্ট্র পরিচালনায় তার অবদান এবং দেশের উন্নয়নে তার ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।













