মতিউর রহমান চৌধুরী
পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে করেই নিয়ে গেছেন শেখ হাসিনা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৪:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ২০ বার পড়া হয়েছে
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে নতুন একটি তথ্য সামনে এনেছেন দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তার দাবি, দেশত্যাগের আগে শেখ হাসিনা একটি পদত্যাগপত্র প্রস্তুত করেছিলেন, তবে সেটি জমা দেওয়ার সুযোগ পাননি। পরে তিনি সেই পদত্যাগপত্র নিজের ভ্যানিটি ব্যাগে করে সঙ্গে নিয়ে যান।
রোববার (৩১ মে) ইউটিউবভিত্তিক প্ল্যাটফর্ম ‘দ্য পোস্ট’-এ দেওয়া এক আলোচনায় মতিউর রহমান চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, “শেখ হাসিনা পদত্যাগ করতে চেয়েছিলেন এবং এ উদ্দেশ্যে তিন পৃষ্ঠার একটি পদত্যাগপত্রও লিখেছিলেন। তবে পরিস্থিতির কারণে সেটি জমা দেওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তিনি কাগজটি ভ্যানিটি ব্যাগে করেই নিয়ে যান।”
মতিউর রহমান চৌধুরীর ভাষ্য অনুযায়ী, ওই পদত্যাগপত্রে শেখ হাসিনা দেশের জন্য তার সরকারের বিভিন্ন কর্মকাণ্ড ও অবদানের কথা উল্লেখ করেছিলেন। পরবর্তীতে পদত্যাগের কারণও সেখানে তুলে ধরা হয়েছিল।
তিনি আরও দাবি করেন, পদত্যাগপত্রটি টাইপ করার দায়িত্ব বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একজন কর্মীর ওপর ছিল। তবে সময় স্বল্পতার কারণে সেটি আর সম্পন্ন করা সম্ভব হয়নি।
আলোচনায় তিনি বলেন, গণভবনের চারপাশে পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছিল এবং বিভিন্ন সূত্র থেকে নিরাপত্তাজনিত সতর্কবার্তা আসছিল। এ অবস্থায় দ্রুত স্থান ত্যাগের পরামর্শ দেওয়া হলে শেখ হাসিনা আর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিতে পারেননি।
মতিউর রহমান চৌধুরী আরও জানান, তড়িঘড়ি করে বের হওয়ার সময় শেখ হাসিনা তার ভ্যানিটি ব্যাগটি কক্ষে ফেলে গিয়েছিলেন। পরে গাড়িতে ওঠার মুহূর্তে সেনাবাহিনীর এক কর্মকর্তাকে ব্যাগটি নিয়ে আসতে বলেছিলেন।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত শেখ হাসিনা, তার পরিবারের সদস্য কিংবা সংশ্লিষ্ট কোনো সরকারি সূত্রের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।











