উন্নয়ন বরাদ্দে বৈষম্যের অভিযোগ
‘সাহস থাকলে হিসাব দিন’—আসিফ-হাসনাতকে কড়া বার্তা প্রশাসকের
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪১:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
উন্নয়ন প্রকল্পের বরাদ্দ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া। জেলার দুটি উপজেলার জন্য প্রায় ২৫ কোটি টাকার প্রকল্প অনুমোদনের অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই শীর্ষ নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও হাসনাত আব্দুল্লাহকে প্রকাশ্যে জবাব দিতে বলেছেন তিনি।
রোববার (৩১ মে) এক প্রতিক্রিয়ায় মোস্তাক মিয়া বলেন, তার বক্তব্য কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, বরং উন্নয়ন বরাদ্দ বণ্টনে বৈষম্যের প্রশ্ন। তিনি দাবি করেন, মুরাদনগরের জন্য প্রায় ১৫ কোটি এবং দেবীদ্বারের জন্য প্রায় ১০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে, যেখানে জেলার অন্যান্য অনেক উপজেলায় বরাদ্দ সীমাবদ্ধ রয়েছে কয়েক লাখ টাকার মধ্যে।
তিনি বলেন, “যদি আমার বক্তব্য ভুল হয়ে থাকে, তাহলে তারা প্রকাশ্যে বলুক যে এসব প্রকল্পের বরাদ্দ তাদের উদ্যোগে নেওয়া হয়নি। সাহস থাকলে ২৫ কোটি টাকার হিসাব জনগণের সামনে তুলে ধরুক।”
জেলা পরিষদ প্রশাসকের অভিযোগ, উন্নয়ন তহবিল বণ্টনে ভারসাম্য রক্ষা করা হয়নি। তিতাস, মনোহরগঞ্জসহ কয়েকটি উপজেলার তুলনায় দুটি উপজেলায় অস্বাভাবিক পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে, যা স্থানীয়দের মধ্যেও প্রশ্নের জন্ম দিয়েছে।
এর আগে শনিবার (৩০ মে) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এক আলোচনা সভায় একই অভিযোগ উত্থাপন করেন মোস্তাক মিয়া। সভাটি ছিল জিয়াউর রহমান-এর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত। সেখানে তিনি দাবি করেন, জেলা পরিষদের রাজস্ব খাত থেকে আসিফ মাহমুদের উদ্যোগে ১৫ কোটি এবং হাসনাত আব্দুল্লাহর উদ্যোগে ১০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে।
তার এই বক্তব্য প্রকাশের পর কুমিল্লার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পরবর্তীতে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থানও ব্যাখ্যা করেছেন এনসিপির দুই নেতা।
উন্নয়ন বরাদ্দের এই বিতর্ক বর্তমানে কুমিল্লার রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে।











