শপিং মল রাত ৮টা পর্যন্ত খোলা রাখাতে চান ব্যবসায়ীরা
- সংবাদ প্রকাশের সময় : ১০:৩৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সরকার নির্ধারিত সময়সূচি পুনর্বিবেচনা করে শপিং মল ও দোকান রাত ৮টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান টিপু এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার সময়সূচি নির্ধারণে প্রধানমন্ত্রীর কাছে বিশেষ অনুরোধ জানানো হবে। এতে প্রায় ৭০ লাখ ব্যবসায়ী ও আড়াই কোটি কর্মচারীর স্বার্থ জড়িত বলে উল্লেখ করা হয়।
ব্যবসায়ী নেতারা মনে করেন, বর্তমান সময়সূচি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এতে ব্যবসা ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
উল্লেখ্য, জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে সরকার সব ধরনের দোকানপাট, বাণিজ্য বিতান ও শপিং মল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।





















