মিরপুর-কাফরুলবাসীর প্রতি জামায়াত আমিরের কৃতজ্ঞতা

- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ঢাকা-১৫ (মিরপুর-কাফরুল) আসনের নির্বাচনে জয়লাভের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রাব্বুল আলামীনের। আমাকে আপনাদের প্রতিনিধি ও সেবক হিসেবে নির্বাচিত করায় আমি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
ডা. শফিকুর রহমান বলেন, এই বিজয় কোনো ব্যক্তিগত বা দলীয় অর্জন নয়, এটি পুরো এলাকার জনগণের সবার বিজয়। তিনি জানান, নির্বাচিত হওয়ার প্রথম দিন থেকেই তিনি কার্যক্রম শুরু করেছেন এবং তা শেষ দিন পর্যন্ত অব্যাহত রাখবেন, ইনশাআল্লাহ।
জামায়াত আমির আরও বলেন, তিনি এলাকার মানুষের সঙ্গে নিয়মিত বসবেন, তাদের সমস্যা শুনবেন এবং পরামর্শ অনুযায়ী সমাধান করার চেষ্টা করবেন।
একই সঙ্গে তিনি ১১ দলীয় জোটের সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বিশেষভাবে ধন্যবাদ জানাই ঐকবদ্ধ বাংলাদেশ জোটের স্বেচ্ছাসেবক, জনশক্তি ও নেতৃবৃন্দকে, যাদের অক্লান্ত পরিশ্রম এই বিজয়কে সম্ভব করেছে। মহান রাব্বুল ইজ্জত আপনাদেরকে উত্তম প্রতিদান দিন।”
পোস্টের শেষাংশে তিনি বলেন, “আমি মহান আল্লাহর কাছে সাহায্য চাই যেন তিনি আমাকে এই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার তৌফিক দিন। দেশ ও জাতির কল্যাণে আমরা যেন ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি। আমিন।”






















