নবনির্বাচিত এমপির হস্তক্ষেপ চাইলেন জামায়াত নেতা

- সংবাদ প্রকাশের সময় : ০২:১৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে নির্বাচন পরবর্তী বিভিন্ন স্থানে সহিংসতা ও অস্থিরতা ছড়িয়ে পড়ার খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত নেতা অধ্যাপক মাহবুবুল হক আলম।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বলেন, এলাকার জননিরাপত্তা নিশ্চিত করতে এবং দলীয় কর্মীদের সংযত রাখতে নবনির্বাচিত সংসদ সদস্যের প্রতি জোর আহ্বান জানান।
উল্লেখ্য, এই আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান। ফলাফল ঘোষণার পর থেকেই নির্বাচনী এলাকার বিভিন্ন স্থান থেকে বিচ্ছিন্ন সংঘর্ষ ও উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে অধ্যাপক মাহবুবুল হক আলম নবনির্বাচিত সংসদ সদস্যকে উদ্দেশ্য করে বলেন, “দয়া করে আপনার জনশক্তিকে সামলান। বিভিন্ন এলাকা থেকে অপ্রীতিকর ও সহিংসতার খবর আসছে। সাধারণ জনগণ বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।” তিনি আরও বলেন, নির্বাচনের জয়-পরাজয় শেষে এখন সবার লক্ষ্য হওয়া উচিত এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখা। কারো ব্যক্তিগত বা দলীয় রোষানলের শিকার যেন সাধারণ মানুষ না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন।
এলাকার শান্ত পরিবেশ বজায় রাখতে তিনি বিজয়ী প্রার্থীর নেতা-কর্মীদের শান্ত থাকার অনুরোধ জানানোর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। ভোটাররা যাতে নির্ভয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে বিষয়ে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।





















