‘হ্যাঁ’ জিতেছে, গণভোট পড়েছে ৬০.২৬ শতাংশ,
২৯৭ আসনের ফল ঘোষণা, কোন দল কত পেল

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়ে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এছাড়া জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। অন্যান্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি, ইসলামি আন্দোলন বাংলাদেশ ১টি, খেলাফত মজলিস ১টি, গণসংহতি আন্দোলন ১টি, বিজেপি ১টি, গণঅধিকার পরিষদ ১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয়ী হয়েছেন।
ইসি জানিয়েছে, চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফলাফল আদালতের নির্দেশনার কারণে স্থগিত রাখা হয়েছে। এছাড়া একটি আসনের নির্বাচন আগেই স্থগিত ছিল। এসব আসনের ফলাফল পরে ঘোষণা করা হবে।
এদিকে সংসদ নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে ৬০ দশমিক ২৬ শতাংশ ভোট পড়েছে। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।
ইসি জানায়, আদালতের স্থগিতাদেশ থাকলেও চট্টগ্রামের দুটি আসনে সংসদ সদস্যদের ফল গণনা করা হয়নি, তবে সেখানে গণভোটের ভোট গণনা করা হয়েছে। আর একটি আসনে নির্বাচন না হলেও বাকি ২৯৯ আসনের গণভোটের ফলাফল গণনা সম্পন্ন হয়েছে।























