প্রত্যাবর্তনেই পরিবর্তন

- সংবাদ প্রকাশের সময় : ১১:৩১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে এলেন, দেখলেন, জয় করলেন! প্রত্যাশিতভাবেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ২৯৯ টি আসনের সংসদে জাদুসংখ্যা পেরিয়েছে খালেদা জিয়ার দল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নিজে। আর বেসরকারি ফলাফল অনুযায়ী দুটি আসনেই জয় পেয়েছেন তারেক।
সেইসঙ্গে খালেদা এবং হাসিনার মতো নারীদের প্রাধান্য সরিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুরসিতে বসছেন এক পুরুষ। আর সংসদে বিরোধী দলের আসনে জামাত-ই-ইসলামি। শুক্রবার ভোররাতে নির্বাচন কমিশন এই ফল ঘোষণা করেন।নিষেধাজ্ঞা থাকায় এবারের ভোটে অংশ নিতে পারেনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লিগ।
জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল বিএনপি। ২৯৯ টি আসনের সংসদে জাদুসংখ্যা পেরিয়ে সরকার গড়ছে খালেদা জিয়ার দল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশে ২৮৩টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। তাতে জানা যাচ্ছে –
বিএনপি ২০০টি, জামাত ৬৪টি, এনসিপি ৫টি, ইসলামি আন্দোলন বাংলাদেশ ১টি, গণঅধিকার পরিষদ ১টি, গণসংহতি আন্দোলন ১টি ও স্বতন্ত্রসহ অন্যরা ১১টি আসন পেয়েছে।
রাজধানী ঢাকায় জামাত অভাবনীয় সাফল্য পেয়েছে। সব আশঙ্কা, অনিশ্চয়তাকে চূর্ণবিচূর্ণ করে ইতিহাসের নজিরবিহীন উৎসাহ-উদ্দীপনায় শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বড় ধর্মীয় উৎসব পবিত্র ইদকেও যেন হার মানিয়েছে এবারের নির্বাচনী উৎসব! গোটা বিশ্ব তাকিয়ে ছিল বাংলাদেশের এ নির্বাচনের দিকে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার ভোট পড়েছে ৬০.৬৯ শতাংশ। পোস্টাল ব্যালটে ৮০.১১ শতাংশ ভোট পড়লেও বৈধ হয়েছে ৭০.২৫ শতাংশ ভোট। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭৭.৭ শতাংশ। দেশের কোথাও প্রাণঘাতী সংঘাত না ঘটিয়ে বিশ্বকে ‘আমরাও পারি’ দেখিয়ে দিয়েছে বাংলাদেশ।
দীর্ঘ দেড় যুগ ভোট দিতে না পারার আক্ষেপ মেটাতে রক্ত না ঝরিয়ে গণতান্ত্রিক উত্তরণের নতুন বার্তা দিয়ে এক অনন্য নজির তৈরি করেছেন দেশের সাধারণ ভোটার ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলি। বাংলাদেশের এমন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ বিশ্ব কখনও দেখেনি।
নির্বাচনের আগে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে কিছু উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতিকে ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার প্রেরণা জোগাবে। প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনে স্থগিত হওয়া নির্বাচনের তফসিল পরে ঘোষণা করা হবে।
তারেক রহমানকে শুভেচ্ছা মোদির
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি বড়সড় জয়ের পথে হাঁটতেই দলের সভাপতি তারেক রহমানকে শুভেচ্ছো জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে এক্স হ্যান্ডলে তিনি শুভেচ্ছাবার্তা পোস্ট করেছেন। লিখেছেন, ‘এই জয় বুঝিয়ে দিল বাংলাদেশবাসী আপনার নেতৃত্বে আস্থা রাখেন।’
তারেকের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক নিয়েও বার্তা দিয়েছেন মোদি।
গণতান্ত্রিক, উন্নয়নশীল বাংলাদেশের পাশে আছে ভারত – তা জানিয়ে প্রধামন্ত্রীর বক্তব্য, ভারত-বাংলাদেশের মধ্যে বহুবিধ সম্পর্ক রয়েছে, পারস্পরিক স্বার্থরক্ষার তাগিদে সেসব আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে আশা করেন তিনি।
অভিনন্দন জানিয়েছে মার্কিন দূতাবাস
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানানো হয়।
পোস্টে বলা হয়, সফলভাবে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। একই সঙ্গে বিএনপি ও তারেক রহমানকে তাদের বিজয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য অর্জনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে তারা আগ্রহী।





















