ভোটকে উৎসবে পরিণত করার আহ্বান জামায়াত আমিরের

- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি তরুণসহ সব ভোটারকে স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, প্রথম ভোট হোক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের প্রতীক—দুর্নীতিমুক্ত, সুশাসনভিত্তিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকারের ভোট।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, জীবনের প্রথম ভোট সচেতনভাবে পছন্দের প্রার্থী ও প্রতীকে দিতে হবে। একা নয়, বন্ধু, পরিবার ও স্বজনদের সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে গিয়ে অন্যদেরও উৎসাহিত করার আহ্বান জানান তিনি। তার মতে, ইতোমধ্যে মানুষের মধ্যে ভোটকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে এবং অনেকেই নিজ নিজ এলাকায় ভোট দিতে ফিরছেন।
গণভোটের প্রসঙ্গে তিনি বলেন, পরিবর্তন ও সংস্কারের পক্ষে বা বিপক্ষে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সম্পূর্ণ ভোটারের। তবে তিনি জোর দিয়ে বলেন, ভোটকে সবাই যেন অংশগ্রহণের একটি উৎসব হিসেবে গ্রহণ করেন।
নারীদের ভূমিকাও তুলে ধরে জামায়াত আমির বলেন, বিভিন্ন আন্দোলন ও জাতীয় প্রয়োজনে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। নারী-পুরুষের সম্মিলিত অংশগ্রহণেই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।
তিনি আরও বলেন, দেশ এমন একটি রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা করছে যেখানে সাম্য, ন্যায়বিচার ও নাগরিকের মর্যাদা নিশ্চিত হবে। একই সঙ্গে নির্বাচন ঘিরে গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি দেশবাসীকে কোনো অপপ্রচারে কান না দেওয়ার অনুরোধ করেন।
প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি সবার প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান এবং শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত একটি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন। শেষে তিনি দেশবাসীর অংশগ্রহণ কামনা করেন এবং সার্বিক সফলতার জন্য মহান আল্লাহর সাহায্য প্রার্থনা করেন।



















