২৯৯টি আসনে সংসদ নির্বাচন ও গণভোট আজ
ভোট উৎসবে দেশ

- সংবাদ প্রকাশের সময় : ১২:২৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বহু প্রতীক্ষার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সারা দেশে। নতুন ভোটারদের পাশাপশি প্রবীণদের মধ্যেও দেখা গেছে উৎসাহ।
নির্বাচন কমিশন জানিয়েছে, উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গণতান্ত্রিক এই আয়োজনকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ভোট আয়োজনের সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। ওই আসনের ১২৮টি কেন্দ্রে ভোট হবে না; পরে নতুন তফসিল ঘোষণা করা হবে।
ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধিত ৬০টি দলের মধ্যে ৫০টি দল নির্বাচনে অংশ নিচ্ছে। মোট প্রার্থী দুই হাজার ২৮ জন—এর মধ্যে দলীয় এক হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৩ জন। প্রার্থীদের মধ্যে নারী ৮৩ জন।
দেশে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি। শেরপুর-৩ আসনের ভোট স্থগিত থাকায় আজ ভোট দিতে পারবেন ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৪৫৬ জন ভোটার।
নির্বাচন পর্যবেক্ষণে থাকছেন ৩৯২ জন বিদেশি ও প্রায় ৪৫ হাজার দেশীয় পর্যবেক্ষক। নিবন্ধন করেছেন প্রায় ৯ হাজার ৭০০ সাংবাদিক, যার মধ্যে বিদেশি সাংবাদিক রয়েছেন প্রায় ১৫৬ জন।
ভোট পরিচালনায় দায়িত্বে থাকছেন প্রায় ৭ লাখ ৮৫ হাজার কর্মকর্তা-কর্মচারী। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীসহ বিভিন্ন বাহিনীর ৯ লাখের বেশি সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি থাকবেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট।
প্রথমবারের মতো এ নির্বাচনে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ব্যাপক সিসিটিভি নজরদারি ব্যবহার করা হচ্ছে। ইসি জানিয়েছে, ৯০ শতাংশের বেশি কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হয়েছে।
প্রচার শেষের পর বড় ধরনের সহিংসতার খবর না পাওয়ায় কমিশন সন্তোষ প্রকাশ করেছে। জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত হওয়া গণভোটের ফলাফলের ওপর সংবিধান সংশোধনের একাধিক প্রস্তাবের ভবিষ্যৎ নির্ভর করবে।
নির্দলীয় অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনকে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোটের আশা প্রকাশ করেছেন।
তবে বিশেষজ্ঞদের একটি অংশ নির্বাচনে অস্ত্র, পেশিশক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে, তফসিল ঘোষণার পর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ইতোমধ্যে সারা দেশে ৮৫০টির বেশি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ইসি জানিয়েছে, সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একসঙ্গে গণনা করা হবে। অধিকাংশ আসনের ফল মধ্যরাতের মধ্যেই পাওয়া যেতে পারে।





















