ভোটের আগেই ফাঁকা শিটে স্বাক্ষর, প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার

- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহ–৪ আসনের একটি ভোটকেন্দ্রে ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়ার ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্টদের সই করা ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা।
জানা যায়, কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জেসমিন আরা ভোট গ্রহণের আগেই একাধিক এজেন্টের কাছ থেকে ফাঁকা রেজাল্ট শিটে স্বাক্ষর নেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় সমালোচনা শুরু হয়। পরে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে শিটগুলো জব্দ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, নিয়ম অনুযায়ী ভোট গণনা শেষে এজেন্টরা রেজাল্ট শিটে স্বাক্ষর করেন। আগে থেকেই সই নেওয়া বিধিবহির্ভূত হওয়ায় প্রিসাইডিং কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।




















