বিমানবন্দর থেকে ৬০ লাখ টাকাসহ জামায়াতের আমির বেলাল আটক
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে প্রায় ৬০ লাখ টাকাসহ আটক করেছে সৈয়দপুর বিমানবন্দর থানা-পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
সৈয়দপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাঁর কাছ থেকে প্রায় ৫০লাখ টাকারো বেশি উদ্ধার করা হয়েছে। টাকার সঠিক পরিমাণ গণনা করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিমানবন্দরে সন্দেহজনকভাবে বিপুল পরিমাণ নগদ টাকা বহনের তথ্যের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর কাছে থাকা ব্যাগ থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।
আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বেলাল উদ্দিন দাবি করেন, উদ্ধার হওয়া টাকাগুলো তাঁর ব্যবসার। তিনি বলেন, টাকার পরিমাণ প্রায় ৫০ লাখের উপরে। এটি আমার ব্যবসার টাকা।
তবে কী ধরনের ব্যবসার সঙ্গে তিনি জড়িত এবং এত বিপুল পরিমাণ নগদ অর্থ বহনের কারণ কী—এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বেলাল উদ্দিন সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসার একজন শিক্ষক। তিনি ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম দবিরুল ইসলাম।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



















