ভোট সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন: সিইসি
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে ভোট আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
সিইসি বলেন, পোস্টাল ব্যালটের সবগুলো দেশে ফিরে এসেছে এবং ইতোমধ্যে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী সব ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রার্থী, তাদের সমর্থক এবং সাংবাদিকদের উপস্থিতিতে ভোট গণনা করা হবে এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হবে। নির্বাচন বিধিমালা অনুযায়ী ভোটগ্রহণ হবে এবং কেউ এতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে সিইসি বলেন, এ নির্বাচনে ১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক অংশ নিচ্ছেন। পাশাপাশি দেশের প্রায় ৪৫ হাজার পর্যবেক্ষকসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।




















