বিদায়ের আগে শীত আবার বাড়তে পারে: আবহাওয়া অধিদপ্তর
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৮ বার পড়া হয়েছে
বিদায়ের আগে দেশের বিভিন্ন এলাকায় আরেক দফায় শীতের তীব্রতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৪ ফেব্রুয়ারি) দেওয়া পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এ সময় সারাদেশে আকাশ আংশিক মেঘলা থাকবে। ভোরের দিকে নদী অববাহিকা এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এই পরিস্থিতির কারণে শীতের সাময়িক প্রভাব দেখা দিতে পারে।
বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ভোরের দিকে নদী অববাহিকার কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে।
পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিনও শুষ্ক আবহাওয়ার পাশাপাশি ভোরে কুয়াশা থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনভর শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে নদী অববাহিকার কিছু এলাকায় কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তবে রোববার (৮ ফেব্রুয়ারি) থেকে আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। ওইদিন সারাদেশে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি শুষ্ক আবহাওয়া বজায় থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।




















