মোংলা-খুলনা মহাসড়কে বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত, আহত ৭
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
বাগেরহাটের মোংলা-খুলনা জাতীয় মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে ঘটনাস্থলে ২ জন যাত্রী নিহত হয়েছে। এসময়ে আহত হয়েছে বাস ও মোটরসাইকেলের ৭ জন আরোহী।
শুক্রকার (৭ নভেম্বর) পুর ১টার দিকে বাগেরহাটের রামপাল উপজেলার তেতুলিয়া ব্রিজ এলাকায় যাত্রীবাহী বাস ও ৭টি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অফিসার মো. এমরান হোসেন এতথ্য নিশ্চিত করে আরো জানান, মোংলা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস শুক্রবার দুপুর ১টার দিকে মোংলা-খুলনা মহাসড়কে বাগেরহাটের রামপাল উপজেলার তেতুলিয়া ব্রিজ এলাকায় পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা ৭টি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাসটি হার্ডব্রেক করলে উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হয়। আহত হয় বাস ও মোটরসাইকেলের ৭ আরোহী।
আহতদের উদ্ধার করে সংলগ্ন রামপাল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় সনাক্তে কাজ চলছে। তবে, ৭টি মোটরসাইকেলে যারা ছিলেন তারা সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে মোংলায় যাচ্ছিলেন।
























