ক্ষমা চাইলেন ব্যারিস্টার সুমন
- সংবাদ প্রকাশের সময় : ০৫:২৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে
সাবেক এমপি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আদালতে আইনজীবীদের কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) যুবদল নেতার হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়। এরপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুরের আদেশ শেষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রসিকিউটর ওমর ফারুক ফারুকীকে উদ্দেশ্য করে ব্যারিস্টার সুমন কথা বলতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। এ সময় সুমন বলেন, আপনার সাথে আলাদা করে কিছু বলব না, স্যার। আপনার মাধ্যমে সব আইনজীবীর কাছে দুঃখ প্রকাশ করছি। আমি খুব সরি স্যার।
এর আগে ব্যারিস্টার সুমনকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ এনে গত ২৩ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় একটি মামলা করেন । মামলার ৩ নম্বর আসামি করা হয় ব্যারিস্টার সুমনকে। হৃদয় মিয়া মিরপুরের বাঙালিয়ানা ভোজ রেস্টুরেন্টে সহকারী বাবুর্চি হিসেবে কাজ করেন। তিনি হবিগঞ্জের মাধবপুর ১০ নং হাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।





















