দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪১:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে পেশাদার কূটনীতিক ও পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগে আনুষ্ঠানিক সম্মতি দিয়েছে ভারত।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের সম্মতিপত্র বা ‘অ্যাগ্রিমেন্ট’ পৌঁছানোর মধ্য দিয়ে তাঁর নিয়োগ নিয়ে চলা জল্পনার অবসান হয়েছে।
আসাদ আলম সিয়াম বর্তমান হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। রিয়াজ হামিদুল্লাহকে এরই মধ্যে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
১৯৯৫ ব্যাচের বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা আসাদ আলম সিয়াম গত বছরের জুনে পররাষ্ট্র সচিবের দায়িত্ব নেওয়ার আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ কূটনৈতিক ক্যারিয়ারে তিনি অস্ট্রিয়া ও ফিলিপাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত, মিলানে কনসাল জেনারেল এবং যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়েও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন সিয়াম। তিনি মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান এবং ইউরোপ উইংয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন বার্তা?
২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। পরবর্তী সময়ে দুই দেশই সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেয়।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দিল্লি থেকে ঢাকায় নতুন দূত পাঠানোর পর এবার বাংলাদেশও নয়াদিল্লিতে অভিজ্ঞ ও জ্যেষ্ঠ একজন কূটনীতিককে হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
আসাদ আলম সিয়ামের নিয়োগের মধ্য দিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ পর্যায়ে নতুন একজন অভিজ্ঞ প্রতিনিধি দায়িত্ব নিতে যাচ্ছেন।





















