প্রতিমন্ত্রী শাহে আলম
লন্ডনে তারেক রহমানকে ট্রফি দিয়ে ভোটের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
জাতীয় সংসদে জুলাই-আগস্ট আন্দোলনের নেতৃত্ব নিয়ে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, ২০২৪ সালের আন্দোলনের ‘ক্যাপ্টেন’ ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম দাবি করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করে এনেছেন। এর মাধ্যমে আন্দোলনের নেতৃত্ব কার ছিল, তা স্পষ্ট হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতাসহ সবাই অংশ নিয়েছিল—এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে প্রতিটি আন্দোলনে একজন ‘ক্যাপ্টেন’ থাকেন এবং সেই ভূমিকায় ছিলেন তারেক রহমান।
রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এই ভাষণের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে মহান স্বাধীনতার ঘোষক এবং খালেদা জিয়া-কে ‘গণতন্ত্রের মা’ হিসেবে তুলে ধরা হয়েছে।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচি ইতোমধ্যে দেশজুড়ে আলোচনায় এসেছে। কৃষকদের জন্য চালু করা কার্ড আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে টাঙ্গাইল থেকে আনুষ্ঠানিকভাবে বিতরণ শুরু হবে বলেও জানান তিনি।























