সন্ধ্যা ৬টার নির্দেশনা উপেক্ষা, খোলা থাকছে শপিংমল
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
সরকারি নির্দেশনায় সন্ধ্যা ৬টার মধ্যে শপিংমল ও দোকানপাট বন্ধ রাখার কথা থাকলেও তা অনেক ক্ষেত্রেই মানছেন না ব্যবসায়ীরা। রাজধানীসহ বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ের পরও শপিংমল খোলা রাখার চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, নতুন সময়সূচি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এতে বিক্রি কমে যাওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ছেন তারা। তাই অনেকেই বাধ্য হয়ে আগের মতোই রাত পর্যন্ত দোকান চালু রাখছেন।
রাজধানীর পল্টন, গুলিস্তান, কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় দেখা গেছে এমন চিত্র। জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন নির্দেশনা দেয় সরকার। যার মধ্যে মার্কেট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে।
সরকারের এই নির্দেশনা কার্যকরের প্রথম দিন শুক্রবার রাজধানীর পল্টন ও গুলিস্তানের এলাকা ঘুরে দেখা যায় বেশ কয়েকটি শপিংমল খোলা রয়েছে।
ব্যবসায়ীরা বলছেন, মালিক সমিতি তাদের দোকান বন্ধ করতে কোনো নোটিশ দেয়নি।
এদিকে বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি আগেই সময়সূচি পুনর্বিবেচনার দাবি জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
সরকার জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে অফিস সময় কমানো এবং শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেয়। তবে বাস্তবায়নে দুর্বল তদারকি ও ব্যবসায়ীদের অনাগ্রহের কারণে মাঠপর্যায়ে তা পুরোপুরি কার্যকর হচ্ছে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এ পরিস্থিতিতে নির্দেশনা কার্যকর করতে প্রশাসনের তদারকি জোরদারের পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা।





















