ইরান যুদ্ধ দীর্ঘ হলে অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
ইরান ও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়তে পারে বলে সতর্ক করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২২ মার্চ) সকালে চট্টগ্রাম-এ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
মন্ত্রী বলেন, “বর্তমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের নিয়ন্ত্রণে নয়। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে। তবে এখন পর্যন্ত সরকার সেই চাপ সাধারণ মানুষের ওপর পড়তে দেয়নি। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে সংযমী হতে হবে।”
জ্বালানি সংকট প্রসঙ্গে তিনি জানান, সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ নিয়েছে এবং তা অব্যাহত রয়েছে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “এবারের ঈদে জ্বালানি নিয়ে সাধারণ মানুষের ওপর কোনো চাপ পড়েনি। সবাই নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পেরেছে।”





















