মধ্যপ্রাচ্যের সংঘাতে ৫ বাংলাদেশির মৃত্যু, ফিরছে প্রবাসীদের মরদেহ
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
শুক্রবার (২০ মার্চ) সকালে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মোশারফ হোসেনের মরদেহ দেশে পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইরানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় আরও প্রবাসীদের ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, যুদ্ধাবস্থায় প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, নিহত মোশারফ হোসেনের পরিবারের পাশে সরকার থাকবে। তার পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তার দুই সন্তানের শিক্ষার দায়িত্ব নেওয়া হবে।


























