‘প্রেমিকা’ নয়, দিদির স্নেহে বড় হচ্ছে পাঞ্চ
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে ‘পাঞ্চ’ নামেই পরিচিত ছোট্ট এই ম্যাকাকটি জন্মের পর মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছিল। কিন্তু সেই অভাব পূরণ করেছে মানুষ আর নতুন সঙ্গীরা।
জাপানের ইচিকাওয়া শহরের একটি চিড়িয়াখানায় বড় হতে থাকা পাঞ্চের সবচেয়ে কাছের সঙ্গী ছিল একটি নরম খেলনা—ওরাং ওটাং। আর তাকে আগলে রেখেছিলেন চিড়িয়াখানার কর্মী কোসুকে শিকানো। তাঁকে দেখলেই আনন্দে ঝাঁপিয়ে পড়ত ছোট্ট পাঞ্চ।

কিছুদিন পর চিড়িয়াখানার অন্য বাঁদরদের সঙ্গেও মিশতে শুরু করে সে। এরই মধ্যে মোমো নামে এক মাদি ম্যাকাকের সঙ্গে গড়ে ওঠে তার বিশেষ সম্পর্ক। দু’জনকে প্রায়ই একসঙ্গে খেলতে, দৌড়াতে, খুনসুটি আর আদর করতে দেখা যায়।
তবে সামাজিক মাধ্যমে অনেকেই মোমোকে পাঞ্চের ‘প্রেমিকা’ বললেও বাস্তবে বিষয়টি ভিন্ন। বয়সের পার্থক্যের কারণে মোমো আসলে পাঞ্চের ‘দিদি’র মতোই। পাঞ্চের বয়স যেখানে মাত্র সাত মাস, সেখানে মোমোর বয়স প্রায় পাঁচ বছর—যে বয়সে ম্যাকাকরা পূর্ণতা পায়।
এখন মোমোর সঙ্গেই সময় কাটে পাঞ্চের। তবুও নিজের কঠিন সময়ের সঙ্গী সেই নরম খেলনাটিকে ভুলে যায়নি সে। বরং প্রিয় ‘ওরাং ওটাং’টি এখন মোমোর সঙ্গেও ভাগ করে নিচ্ছে আদুরে এই ছোট্ট প্রাণটি।





















