স্ত্রীকে পিটিয়ে হত্যা, লাশ ফেলে পালালেন স্বামী
- সংবাদ প্রকাশের সময় : ১০:৫৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
নোয়াখালীর হাতিয়াতে পারিবারিক কলহের জেরে তাজ নাহার (৩২) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার স্বামী মো. মিলন (৩৮)-এর বিরুদ্ধে। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে উপজেলার হরণী ইউনিয়নের আলআমিন গ্রামে মিলন তার স্ত্রী তাজ নাহারকে এস এস পাইপ দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন অংশে বেধড়ক মারধর করেন। মারধরের কারণে তার মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে এবং ডান হাতের কব্জি ভেঙে যায়। তাজ নাহার সকাল ছয়টার দিকে অজ্ঞান হয়ে পড়েন এবং স্থানীয় পল্লি চিকিৎসকের কাছে নেওয়ার পথে সকাল নয়টার দিকে মৃত্যু হয়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন জানান, নিহত নারীর পরিবারের সদস্যদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





















