তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ক্যাবল টিভি শিল্পের সুরক্ষা সরকার নিশ্চিত করবে
- সংবাদ প্রকাশের সময় : ১০:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের ক্যাবল টিভি শিল্প এবং সংশ্লিষ্ট উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। বৃহস্পতিবার ঢাকার লেডিস ক্লাবে ‘কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব)’ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, “কোনো ব্যবসায়িক উদ্যোগকে সুরক্ষা দেওয়াই আমাদের কাজ। ক্যাবল টিভি খাত ও টেলিভিশন শিল্পকে বাদ দিয়ে আধুনিক যোগাযোগ ব্যবস্থা পরিচালনা সম্ভব নয়। সাবমেরিন ক্যাবল থেকে শুরু করে ঘরে ঘরে সংযোগ পৌঁছে দেওয়ার জন্য উদ্যোক্তাদের বিনিয়োগ অত্যন্ত প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, “শিল্পের প্রযুক্তিগত চ্যালেঞ্জ ও পাইরেসি সমস্যার মোকাবিলায় একটি শক্তিশালী আইনি কাঠামো তৈরি করা জরুরি। রাষ্ট্র এবং উদ্যোক্তাদের মধ্যে সমন্বয় ও বোঝাপড়ার মাধ্যমে সবাই ক্ষতির সম্মুখীন হবে না। এই খাতের সমস্যাগুলো প্রযুক্তিগতভাবে মন্ত্রণালয়ে উপস্থাপন করলে আমরা স্থায়ী সমাধান বের করতে পারব।”
মন্ত্রী আশ্বাস দেন, বিটিআরসি, মন্ত্রণালয় এবং শিল্প সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে কাঠামোগত সমাধান কার্যকর করা হবে। তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা যারা ইতোমধ্যেই এই খাতে বিশাল বিনিয়োগ করেছেন, আপনাদের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। অবৈধ ইন্টারসেপশন ও পাইরেসি রোধ করে দর্শকদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে আমরা পাশে থাকব।”
অনুষ্ঠানে শফিকুল হক মিলন, অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতৃবৃন্দ এবং সদস্যরা উপস্থিত ছিলেন।
























