যশোরে ভোক্তা অধিকারের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে যশোরে বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় নিউ মার্কেট এলাকার ‘চৌধুরী কিচেন’ নামে একটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ, বিদেশি পণ্যের মোড়কে আমদানিকারকের স্টিকার না থাকা এবং নিষিদ্ধ এনার্জি ড্রিংক বিক্রির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া শহরের দড়াটানা মোড়ে অবস্থিত ‘নিউ ভৈরব হোটেল’-এর মালিককে দইয়ের ওজনে কারচুপির অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে এইচ এম এম রোডের ‘ক্লিক’ নামে একটি প্রতিষ্ঠানে ক্রেতাকে যথাযথ ভাউচার না দেওয়া এবং বিদেশি থ্রি-পিসের ক্রয়সংক্রান্ত ভাউচার দেখাতে না পারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি মুজিব সড়কের ‘আড়ং’-কে ভবিষ্যতে ক্রেতাদের প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক পণ্য সরবরাহের জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
সেলিমুজ্জামান জানান, জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণ ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা কিশোর কুমার সাহা, ক্যাবের সদস্য ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।






















