৩০ আসনে পুনঃগণনার আবেদন, শপথ স্থগিত রাখার দাবি জামায়াতের

- সংবাদ প্রকাশের সময় : ০৬:৪২:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে জামায়াতে ইসলামী ৩০টি আসনের ফল পুনরায় গণনার জন্য আবেদন করেছে। একই সঙ্গে এই আসনের নবনির্বাচিতদের শপথ স্থগিত রাখারও আবেদন করেছে দল।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “৩০টি আসনে পুনঃগণনার আবেদন করা হয়েছে। দল আইনি পথে এই প্রক্রিয়া চালাবে। পাশাপাশি, এই আসনের নবনির্বাচিতদের শপথ স্থগিত রাখার জন্যও আবেদন করা হয়েছে।”
এদিকে, গত বৃহস্পতিবার ২৯৯টি আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। শুক্রবার রাতে নির্বাচন কমিশন (ইসি) ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করেছে।
চট্টগ্রামের দুটি আসনের ফলাফল আদালতের নির্দেশনা অনুযায়ী পরে ঘোষণা করা হবে। এছাড়া জামায়াত প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত রয়েছে।
এহসানুল মাহবুব অভিযোগ করে বলেন, “নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে। নারীদের ওপরও হামলার ঘটনা ঘটেছে। নির্বাচনে অন্তত ৩০টি আসনে কারচুপি, এজেন্টদের বের করে দেওয়া এবং অন্যান্য অপ্রীতিকর ঘটনা ঘটেছে।”




















