ভোটে পরাজিত হলেও সংসদে যাবেন নাসীরুদ্দীন পাটওয়ারী!

- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে অল্প ব্যবধানে পরাজিত হলেও জাতীয় সংসদের উচ্চকক্ষে (সিনেট) যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর।
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এই প্রার্থী বিএনপির নেতা মির্জা আব্বাসের কাছে প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে হেরে যান। তবে গণভোটে ‘হ্যাঁ’-এর বিজয় এবং জুলাই সনদের আলোকে গঠিতব্য উচ্চকক্ষে এনসিপির পক্ষ থেকে সম্ভাব্য সদস্য হিসেবে তার নাম শীর্ষে রয়েছে।
জানা গেছে, প্রস্তাবিত উচ্চকক্ষে মোট ১০০ সদস্য থাকবেন। জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাত অনুযায়ী এসব আসন বণ্টন করা হবে। এবারের নির্বাচনে ৩০টি আসনে অংশ নিয়ে এনসিপি মোট ২২ লাখ ৬৯ হাজার ৬৩১ ভোট পেয়েছে, যা মোট ভোটের ৩ দশমিক ২১ শতাংশ। সে হিসেবে দলটি উচ্চকক্ষে অন্তত তিনটি আসন পেতে পারে।
দলীয় একাধিক সূত্র জানায়, সম্ভাব্য প্রার্থীদের তালিকায় নাসীরুদ্দীন পাটওয়ারী সবচেয়ে এগিয়ে আছেন। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি, তবে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে তিনি যদি আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে উচ্চকক্ষের সদস্য না-ও হতে পারেন।
উল্লেখ্য, বেসরকারি ফল অনুযায়ী ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস পেয়েছেন ৫৯ হাজার ৩৩৬ ভোট এবং নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫৪ হাজার ১২৭ ভোট।
এ বিষয়ে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা বলেন, উচ্চকক্ষে কারা মনোনয়ন পাবেন তা নিয়ে জোট ও দলের অভ্যন্তরে আলোচনা চলছে। সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করা হবে।






















