জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

- সংবাদ প্রকাশের সময় : ০২:২১:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।
প্রধান উপদেষ্টা বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে দলীয় প্রার্থীদের সক্রিয় ও ব্যাপক অংশগ্রহণ, দৃঢ় প্রতিদ্বন্দ্বিতা এবং নির্বাচনের ফলাফল শান্ত ও মর্যাদাপূর্ণভাবে গ্রহণের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।”
তিনি আরও বলেন, নির্বাচনি প্রচার থেকে শুরু করে ফলাফল ঘোষণার পরবর্তী সময়ে আপনার রাজনৈতিক শিষ্টাচার, সংযম, দায়িত্বশীল বক্তব্য এবং কর্মীদের প্রতি শান্তিপূর্ণ আচরণের আহ্বান দেশের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ ভূমিকা রেখেছে।
প্রফেসর মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, “অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনের সময়ে আপনার দল যে গঠনমূলক সমর্থন, পরামর্শ ও সহযোগিতা প্রদান করেছে, তার জন্য বিশেষ ধন্যবাদ।”
তিনি বলেন, “বাংলাদেশ আজ বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তিগত রূপান্তর, জলবায়ু পরিবর্তন, মানবসম্পদ উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচারের মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি। গণতন্ত্রকে আরও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও প্রাতিষ্ঠানিকভাবে সুসংহত করতে সরকার ও বিরোধী দল—উভয়েরই দায়িত্বশীল ও নীতিনিষ্ঠ ভূমিকা অপরিহার্য।”
প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, জামায়াতে ইসলামী ভবিষ্যতে একটি গঠনমূলক ও দায়িত্বশীল বিরোধী শক্তি হিসেবে জাতীয় সংসদ ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখবে। নীতিগত বিতর্ক, আইন প্রণয়নে পরামর্শ, জনগণের প্রত্যাশা তুলে ধরা এবং রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে।
তিনি আরও বলেন, “জাতীয় ঐক্য সুসংহত করতে আপনি অতীতে যে ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। জাতীয় ঐক্যই আমাদের শক্তি।”
শেষে প্রধান উপদেষ্টা মহান আল্লাহ্র কাছে জামায়াত আমিরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেছেন।





















