নওগাঁয় ফোরলেন সড়ক ও আধুনিক স্টেডিয়ামের প্রতিশ্রুতি এমপি ধলুর

- সংবাদ প্রকাশের সময় : ১২:২৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে
নওগাঁ সদর-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু তাঁর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা জানিয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইউনাইটেড প্রেস ক্লাব, নওগাঁ জেলা শাখার সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
এমপি ধলু জানান, নওগাঁ শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে প্রধান সড়কগুলো প্রশস্ত করে ধাপে ধাপে ফোরলেন সড়কে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ক্রীড়ার উন্নয়নে জেলা স্টেডিয়ামকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি আন্তর্জাতিক মানের ক্রীড়া কমপ্লেক্সে রূপান্তরের পরিকল্পনাও রয়েছে।
তিনি বলেন, কৃষিনির্ভর নওগাঁর অর্থনীতির মূল ভিত্তি আম ও ধান। কিন্তু উন্নত যোগাযোগব্যবস্থার অভাবে কৃষকরা ন্যায্য দাম থেকে বঞ্চিত হন। এ সমস্যা সমাধানে নওগাঁর সঙ্গে রেললাইন সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
এ ছাড়া কৃষিপণ্য সংরক্ষণে আধুনিক হিমাগার নির্মাণের মাধ্যমে ফসলের অপচয় কমানো ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতিও দেন তিনি।
নওগাঁকে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলায় রূপান্তরে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করবেন বলেও জানান নবনির্বাচিত এই সংসদ সদস্য।























