সরকার গঠনের পথে বিএনপি, প্রধানমন্ত্রী তারেক রহমান!
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পথে এগিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির এই বড় জয়ের পর প্রধানমন্ত্রী হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নাম আলোচনায় এসেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত প্রকাশিত কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফল অনুযায়ী, বিএনপি ইতোমধ্যে ২০০ আসনের মাইলফলক অতিক্রম করেছে। প্রতিবেদন লেখা পর্যন্ত দলটি ২০৮টি আসনে জয় পেয়েছে। অন্যদিকে, জামায়াত জোট পেয়েছে ৬৮টি আসন।
এখনও কিছু আসনের ভোট গণনা চলমান রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের মধ্যেই ২৯৯টি আসনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হতে পারে।
সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে সারাদেশে একটি গুরুত্বপূর্ণ গণভোটও অনুষ্ঠিত হয়েছে। এর ফলাফলও ধাপে ধাপে কেন্দ্রভিত্তিকভাবে প্রকাশ করা হচ্ছে।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। এরপরই শুরু হয় ভোট গণনার কার্যক্রম।
সকালে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে ভোটারদের ভিড় বাড়তে দেখা যায়। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। এখন সবার দৃষ্টি চূড়ান্ত ফলাফল ঘোষণার দিকে।




















