মাওলানা গাজী আতাউর রহমান
বিরোধীদের আগ্রাসনে সুষ্ঠু ভোটে শঙ্কা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, দলটি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। তবে বিরোধী দলগুলোর বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তারা।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
গাজী আতাউর রহমান অভিযোগ করেন, বরগুনা, বরিশাল, পিরোজপুর ও লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় জামায়াত ও বিএনপির কর্মীদের হামলায় ইসলামী আন্দোলনের ‘হাতপাখা’ প্রতীকের নেতাকর্মীরা আহত হচ্ছেন। একই সঙ্গে দলটির প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন—এমন মিথ্যা প্রচারণাও চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিভিন্ন স্থানে অর্থ বিতরণের ঘটনাও ঘটছে, যা অবাধ ও নিরপেক্ষ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। ভোট কেনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।
তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২৫৮টি আসনেই শেষ পর্যন্ত নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবে। একই সঙ্গে ভোটারদের শান্তিপূর্ণভাবে কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।




















