ভোটের ছুটিতে ফাঁকা রাজধানী
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
নির্বাচনকে ঘিরে রাজধানী ঢাকায় তৈরি হয়েছে ভিন্ন এক পরিবেশ। ভোট দিতে অনেক মানুষ নিজ নিজ এলাকায় চলে যাওয়ায় ফাঁকা হয়ে পড়েছে শহরের অধিকাংশ সড়ক। সাধারণত ঈদের সময় এমন চিত্র দেখা গেলেও এবার জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই কমেছে যানজট।
যানবাহনের চাপ কম থাকায় ব্যক্তিগত গাড়ি, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা সহজেই চলাচল করছে। ফাঁকা রাস্তায় স্বস্তি প্রকাশ করেছেন পথচারী ও অফিসগামীরা। অনেকেই বলছেন, যানজট না থাকায় দ্রুত গন্তব্যে পৌঁছানো যাচ্ছে। তবে গণপরিবহন কম থাকায় অনেককে হেঁটে কর্মস্থলে যেতে হচ্ছে।
রাজধানীর সড়কে বাসসহ গণপরিবহন প্রায় না থাকায় ভোগান্তির কথাও জানিয়েছেন অনেকে। এ সুযোগে রিকশা ও অটোরিকশায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে। দূরপাল্লার বাসেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা, যদিও বাসচালকেরা তা অস্বীকার করেছেন।
এদিকে ভোটের উৎসবকে ঘিরে বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। নির্বাচন উপলক্ষে মঙ্গলবার রাত ১২টা থেকে মোটরসাইকেল এবং বুধবার রাত ১২টা থেকে অন্যান্য যানবাহন চলাচলেও বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন।




















