নাহিদ ইসলাম
দিল্লির দাদাগিরি আর চলবে না
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কক্সবাজারের কুতুবদিয়ার বড়ঘোপে ১১-দলীয় জোটের প্রার্থী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সরকার কে গঠন করবে—তা নির্ধারণ করবে এ দেশের জনগণই। দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। তিনি স্পষ্ট করে বলেন, “বাংলাদেশে আর কখনো দিল্লির দাদাগিরি চলবে না।”
তিনি আরও বলেন, ৫ আগস্টের পর যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিবাদীদের পুনর্বাসনের নীতিতে যুক্ত হয়েছে, তারাই আজ বাংলাদেশের নতুন জালেম হিসেবে আত্মপ্রকাশ করেছে। এই জালেমদের রুখে দেওয়ার দিন হচ্ছে ১২ ফেব্রুয়ারি।
এনসিপির আহ্বায়ক জানান, এই নির্বাচনী লড়াই শুধু কক্সবাজার-২ আসনের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং সারা দেশে ১১-দলীয় ঐক্যজোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। তাদের লক্ষ্য বাংলাদেশকে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে মুক্ত করা।
জনসভায় বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জাতি রক্ষার জন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা ষড়যন্ত্র হলে জাতি তা প্রতিহত করবে এবং কোনোভাবেই মেনে নেবে না।
এ সময় তিনি সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নিরপেক্ষ ও দৃঢ় ভূমিকা পালন করে জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে হবে।





















