নাহিদের রিট খারিজ, নির্বাচনে বাধা নেই কাইয়ুমের

- সংবাদ প্রকাশের সময় : ০১:০৯:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থী ড. এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট। ফলে আসন্ন নির্বাচনে অংশ নিতে তার আর কোনো আইনগত বাধা নেই।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। কাইয়ুমের আইনজীবীরা জানান, রিট খারিজের মধ্য দিয়ে তার প্রার্থিতা বহাল থাকল।
এর আগে সোমবার (২ ফেব্রুয়ারি) একই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ তুলে রিট দায়ের করেন। রিটে ড. কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন করা হয়।
রিট খারিজের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নাহিদ ইসলাম বলেন, তারা আপিল বিভাগে যাবেন। তার দাবি, দ্বৈত নাগরিকত্ব থাকা কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারেন না।
এদিকে ড. এম এ কাইয়ুমের বিরুদ্ধে রিপাবলিক অব ভানুয়াতুর নাগরিকত্ব গ্রহণ ও সেখানে সম্পত্তি থাকার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।
গত ১৯ জানুয়ারি দেওয়া এক বিবৃতিতে ড. কাইয়ুম বলেন, ভানুয়াতুতে তার কোনো নাগরিকত্ব, বিনিয়োগ বা সম্পত্তি নেই এবং তিনি কখনো সে দেশে যাননি। অন্য কোনো দেশের দ্বৈত নাগরিক হওয়ার ইচ্ছাও তার কখনো ছিল না বলে উল্লেখ করেন তিনি।


















