সীমানা বিতর্কে নতুন মোড়, হাইকোর্টের রায় স্থগিত
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪০:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৭২ বার পড়া হয়েছে
কুমিল্লা-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ। ফলে নির্বাচন কমিশন ঘোষিত মূল সীমানা অনুযায়ী হোমনা ও তিতাস নিয়ে কুমিল্লা-২ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করে এ নির্দেশ দেন।
এর আগে গত ৮ জানুয়ারি কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তন সম্পর্কিত নির্বাচন কমিশনের গেজেটকে অবৈধ ঘোষণা করে আগের সীমানা পুনর্বহাল এবং ২৪ ঘণ্টার মধ্যে নতুন গেজেট প্রকাশ করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ওই রায়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ।
হাইকোর্টের সেই রায়ের বিরুদ্ধে ১১ জানুয়ারি আপিল বিভাগে আবেদন করে নির্বাচন কমিশন।
রিটের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী ও ব্যারিস্টার সাইফুল ইসলাম উজ্জ্বল।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত বছরের ২৪ সেপ্টেম্বর কুমিল্লা-২ আসনের সীমানা পরিবর্তনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন ওই আসনে জামায়াত মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন আলম। পরবর্তীতে হাইকোর্ট রুল জারি করে কেন সীমানা পরিবর্তন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চায়।



















